দেবজিৎ মুখার্জি: কমনওয়েলথ গেমস, টু’জি কেলেঙ্কারির পর এবার কোলগেট কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্তি পেলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর পরলোক গমনের দুই বছর পর তাঁকে ক্লিনচিট দিল শীর্ষ আদালত। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “এই মামলার নিষ্পত্তি সিবিআইয়ের নিম্ন কোনও আদালতেই হওয়া উচিত ছিল। তিনি ২০২৪ সালেই প্রয়াত হয়েছেন। তাই মামলাটি এমনিও নিষ্ফলা। তাছাড়া মামলায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো কোনও মজবুত প্রমাণও নেই।”
প্রসঙ্গত, ২০১২ সালে কোলব্লক কেলেঙ্কারি বা কোলগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তখন তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে ওড়িশার তালাবিরাতে অবৈধভাবে কোলব্লক বণ্টনের অভিযোগ ওঠে। এরপর বাতিল করা হয় একাধিক কোলব্লক বণ্টন। কংগ্রেসের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। অভিযুক্ত হন সেই সময়ের কয়লামন্ত্রী সহ সরকারের একাধিক আমলা। অভিযোগের আঙুল ওঠে প্রধানমন্ত্রীর দপ্তরের দিকেও।
এই দুর্নীতির অভিযোগ থেকে মনমোহন সিংকে রেহাই দিল দেশের সর্বোচ্চ আদালত। ঘটনায় তাঁকে অভিযুক্ত হিসাবে তলব করা হয়েছিল নিম্ন আদালতের তরফ থেকে। তবে পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করতে গিয়ে জানায়, পর্যাপ্ত প্রমাণ মেলেনি যাতে তাঁকে অভিযুক্ত হিসাবে দেখানো যায়। শেষ পর্যন্ত সিবিআই ক্লোজার রিপোর্টে মনমোহন সিংকে অভিযুক্ত হিসাবে দেখায়নি। অর্থাৎ পুরোপুরি দাগমুক্ত হলেন তিনি। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই ঘটনায় নতুন কিছু উঠে আসে কিনা। জাতীয় রাজনীতিতে এর কোনও প্রভাব পড়ে কিনা, সেটাও এখন দেখার।



By










