দেবজিৎ মুখার্জি: পশ্চিমবঙ্গে এসআইআর কাজ করতে গিয়ে প্রতিটা ধাপে ধাক্কার সম্মুখীন হতে হয়েছে নির্বাচন কমিশনকে। তবুও তারা এটিকে সফল বলে দাবি করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীদিনে গোটা ভারতবর্ষে এসআইআর হবে এই মডেলেই।
শনিবার জাতীয় ভোটার দিবসের প্রাক্কালে তিনি দাবি করেন যে দ্রুতই দেশের বাকি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআরের কাজ চালু করা হবে। তাঁর বক্তব্য, “গণতন্ত্রের মূল জিনিস শুদ্ধ ভোটার তালিকা আর সেটা যাতে হয়, তার জন্য এসআইআর করা হবে। ইতিমধ্যেই বিহারে সফল প্রমাণিত হয়েছে এটি। ভোটদানের হার বেড়েছে সেখানে। বর্তমানে বাংলা সহ ১২টি রাজ্যে সফলভাবে চলছে এসআইআর। আগামী দিনে গোটা দেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে হবে।”
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বাংলা সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে সমস্ত রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় যে প্রায় সাত কোটি নাম বাদ পড়েছে। এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এর সঙ্গে এই প্রশ্নও উঠছে যে এতগুলি নাম যদি ভুয়ো বেরিয়ে থাকে, তাহলে এতদিন তা ভোটার তালিকায় ছিল কেন? শুধু তাই নয়, বিরোধীরা যে এতদিন ধরে ভোটচুরির অভিযোগ তুলে যাচ্ছে, এই তালিকা তাতে সায় দিচ্ছে না তো? তবে রাজনৈতিক মহলের মতে এর জল আরো অনেকদূর গড়াবে। এবার দেখার বিষয় আগামীদিনে কি হয়।



By














