দেবজিৎ মুখার্জি: আজ ১৯ জুন। ৫৫তে পা দিলেন হাত শিবিরের প্রভাবশালী সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। সোনিয়া পুত্রের জন্মদিনকে ঘিরে দেশের সকল কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে বইছে খুশির হাওয়া। শুধু কংগ্রেসের নেতারাই নন, রাগার জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে বিজেপি নেতাদের তরফ থেকেও। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সুস্থতা ও দীর্ঘ আয়ুর কামনা করেছেন।
রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাগাকে শুভেচ্ছা জানিয়েছেন ডায়মন্ড হারবার সাংসদ। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি প্রতিটি প্রচেষ্টায়। উজ্জ্বল হয়ে উঠুন এভাবেই!” পোস্ট ভাইরাল হতেই শুরু হয় কমেন্টের বন্যা। নানা ব্যক্তি নানা মত তুলে ধরেন।
তবে রাজনৈতিক মহলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পেছনে রাজনৈতিক সমীকরণও দেখছেন। প্রশ্ন তুলেছেন যে এটি শুধুমাত্র সৌজন্যতা নাকি জোটের ডাক দেওয়ার ইঙ্গিত। যদিও অনেকে আবার বিষয়টিকে সেই চোখে দেখছেন না। বরং সৌজন্যতা বলেই মনে করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে যেভাবে কংগ্রেসের সাথে দূরত্ব মেটানোর চেষ্টা করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তারপর এটিকে শুধুমাত্র একটা শুভেচ্ছা জানানো বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার দেখার বিষয় যে আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস একে অপরের হাত ধরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামে কিনা।



By










