নিউজ ডেস্ক: সোমবার এক দুর্দান্ত থ্রিলার দেখলেন ফুটবলপ্রেমীরা। চলতি ফুটবল বিশ্বকাপে জাপান বনাম নেদারল্যান্ডস ম্যাচ শেষ হলো ড্র দিয়ে। ম্যাচের ফলাফল ২-২। তবে যেভাবে অন্তিম লগ্নে গোল হাকিয়ে ম্যাচ বাঁচিয়েছে জাপান, তার প্রশংসা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ফুটবল তারকারা। নেদারল্যান্ডস আগ্রাসী ফুটবল খেললেও কোনও অংশে যে কম যায়নি জাপান, তা বলাই বাহুল্য। বলা ভালো, এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী হয়েছে গোটা ফুটবল বিশ্ব।
সোমবার ম্যাচটি খেলা হয় আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে। জাপানকে চাপে রাখতে শুরু থেকেই আক্রমণ করতে থাকে নেদারল্যান্ডস। একাধিকবার তারা সুযোগ পায় গোল করার। তবে তা ঠেকাতে সফল হন জাপানের গোলকিপার ও রক্ষণভাগ। জাপানের কাছেও কয়েকটি সুযোগ আসে গোল করে ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে তারাও পারেনি সেই সুযোগ কাজে লাগিয়ে ডাচ বাহিনীদের চাপে ফেলতে। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে পাল্টাতে শুরু করে চিত্র। আরও জমজমাটি হয়ে ওঠে ম্যাচ। ৫১ মিনিটে ভ্যান জিকের গোলে খাতা খোলে নেদারল্যান্ডস। তবে কামব্যাক করতে সময় নেয়নি জাপান। ৫৭ মিনিটে নাকামুরার গোলে ঘুরে দাঁড়ায় তারা। এরপর ব্যবধান বাড়ানোর লক্ষ্যে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকে। ৬৪ মিনিটে সামার্ভিলের গোলে ফের এগিয়ে যায় ডাচেরা। ম্যাচ বাঁচানোর লক্ষ্যে মরিয়া হয়ে খেলে জাপান। অবশেষে ৮৯ মিনিটে গোল করতে সফল হয় তারা। এবারের গোলদাতা কামাডা। রিমেনিং টাইমেও দুই দলই, লিড নেওয়ার লক্ষ্যে, অ্যাটাক ও কাউন্টার অ্যাটাক করতে থাকে। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় ২-২। যেভাবে লড়াই দিয়ে ম্যাচ বাঁচিয়েছে জাপান, তা দেখে প্রশংসায় পঞ্চমুখ ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকারা। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দুই দল।



By














