নিউজ ডেস্ক: কোনমতে ঘরের মাঠে পরাজয় এড়ালো ক্যানাডা। বসনিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করলো তারা। অর্থাৎ দুই দলই নিজেদের বিশ্বকাপ অভিযান ড্র দিয়ে শুরু করল। ম্যাচের ফলাফল ১-১। শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেললেও প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল বসনিয়া। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় হোম টিম এবং অবশেষে প্রায় ম্যাচের শেষ পর্যায়ে এসে গোলশোধ করে পরাজয় এড়ায়। তবে ম্যাচে সমতা ফেরানোর পর ক্যানাডা যেভাবে একের পর এক আক্রমণ করে যাচ্ছিল, তাতে বেশ হিমশিম খেতে দেখা যায় বসনিয়ার ডিফেন্সকে।
ম্যাচটি খেলা হয় টোরন্টো স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই বসনিয়ার উপর চাপ বাড়াতে শুরু করে ক্যানাডা। লাগাতার চেষ্টা চলতে থাকে তাদের বসনিয়ার ডিফেন্স ভেঙে গোল করার। কিন্তু ২১ মিনিটে উল্টে গোল দিয়ে বসে বসনিয়া। লুকিচের গোলে এগিয়ে যায় তারা। এরপর আক্রমণ আরো বাড়ায় হোম টিম। প্রথমার্ধেই একাধিক সুযোগ আসে তাদের কাছে ম্যাচে সমতা ফেরানোর। কিন্তু সবকটিই হাতছাড়া হয় তাদের। হাতেগোনা কয়েকটি সুযোগ আসে বসনিয়ার কাছেও। কিন্তু তারাও ব্যর্থ হয় সেগুলি কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে বসনিয়া।
দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা দ্বিগুণ হয় ক্যানাডার। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও পাসিং ফুটবল খেলে তারা লাগাতার চেষ্টা করতে থাকে বসনিয়ার রক্ষণভাগ ভেদ করার। অবশেষে ৭৮ মিনিটে তারা তা করতে সফল হয়। গোল করে দলকে ম্যাচে ফেরায় ল্যারিন। এরপর ব্যবধান বাড়ানোর লক্ষ্যে অ্যাটাকিং ফুটবল অব্যাহত থাকে তাদের। কোনরকমে গোল খাওয়া থেকে নিজেদের বাঁচাতে সফল হয় বসনিয়া। অবশেষে ১-১ ফলাফল নিয়ে মাঠ ছাড়েন দুই দলের ফুটবলাররা। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দুই দল।



By














