দেবজিৎ মুখার্জি, কলকাতা: হতে পারেন গ্রেফতার, সেই আশঙ্কা থেকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজোয় ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে আগাম জামিনের আবেদন জানিয়ে তিনি আদালত যান। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আইনজীবী মামলা দায়ের করেন। মামলার শুনানি চলতি মাসের ১৭ তারিখ।
প্রসঙ্গত, বেআইনিভাবে ইউনেস্কোর নাম ব্যবহার করে শহরে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ‘মেঘদূত ফাউন্ডেশন’এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায়ের তরফ থেকে।
অভিযোগকারী সংস্থার বক্তব্য, বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে বিশাল দামে ভিআইপি প্রিভিলেজড টিকিট বিক্রি করা হচ্ছিল পুজোর আগের প্রিভিউ শোয়ের জন্য, কিন্তু এই জাতীয় কোনও বাণিজ্যিক চুক্তি কখনো করাই হয়নি ইউনেস্কোর তরফ থেকে। এই সংক্রান্ত প্রমাণ তারা দিয়েছে। পাশাপাশি অফিশিয়াল ইমেল ও একাধিক আইনি নথিপত্র জমা দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইউনেস্কোর সাথে এই জাতীয় টিকিট বিক্রি বা বাণিজ্যিক কর্মকান্ডের কোনও সম্পর্ক নেই। ফলে দাবি করা হয়েছে যে যেই চক্রটি সক্রিয় হয়েছিল ইন্দ্রনীল সেনের পরিবারের নাম জড়িয়ে, তা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে জালিয়াতি ও প্রতারণার উপর।
তাঁদের দাবি, ইউনেস্কো শহরের দুর্গাপূজাকে আবহমান কালচারাল হেরিটেজের স্বীকৃতি দেওয়ার পর থেকেই এটিকে ফায়দা লোটার অস্ত্র করতে চাইছে কিছু অসাধু মাথা। অভিযোগ, পুজোর মরশুমকে সামনে রেখে এই ইন্টারন্যাশনাল লেভেলের অবৈধ বাণিজ্য চক্রটি তৈরি হয়ে গিয়েছিল ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর ছাতায়। পুজো মণ্ডপগুলিতে জনস্রোত নামার আগে পরিকল্পনা করা হয়েছিল ‘প্রিভিলেজড এন্ট্রি’ বা আগাম ঠাকুর দেখার পাইকারি টিকিট বিক্রি করে মোটা অংকের টাকা তোলার। যদিও ইন্দ্রনীল সেন এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। এবার এই ঘটনায় আগাম জামিন চাইতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।



By










