দেবজিৎ মুখার্জি, কলকাতা: সরাসরি রাজি না হলেও হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট প্রসঙ্গে যে মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তা ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকেই মনে করছেন যে পুরোপুরি জোটের সম্ভাবনা উড়িয়ে দেননি বর্ষিয়ান নেতা এবং ঠিকঠাক ভাবে আবেদন করলে হয়তো এক হয়ে ভোটের ময়দানের নামতে পারে দুই দল। এই বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন তৃণমূল কংগ্রেস মুখাপাত্র তন্ময় ঘোষ। তিনি প্রশ্ন তোলেন যে কিভাবে বিমান বসুরা হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন, যিনি কিনা প্রকাশ্যে বিজেপির সমর্থন নিয়ে ক্ষমতায় আসার কথা বলেছেন।
ঘাসফুল শিবির থেকে সাসপেন্ড হওয়ার পর সম্প্রতি নিজের দল তৈরি করেছেন হুমায়ুন কবির। নাম রেখেছেন জনতা উন্নয়ন পার্টি। এরপর লাগাতার আক্রমণ করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। এখানেই শেষ নয়, তৃণমূলকে ক্ষমতা থেকে যেই দলগুলি সরাতে চায়, তাদের সঙ্গে জোটের আহ্বানও জানিয়েছেন। বাম, কংগ্রেস, আইএসএফ, মিম, সকলের সঙ্গেই জোটে যেতে আগ্রহী তিনি। প্রথমে বিজেপির বিরোধিতা করলেও বৃহস্পতিবার তিনি প্রকাশ্যে জানিয়েছেন যে প্রয়োজনে বিজেপির সমর্থন নিতেও তাঁর কোনও আপত্তি নেই।
তবে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে হুমায়ুন কবিরের সঙ্গে কি জোট করতে আগ্রহী বামেরা? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিমান বসু। সরাসরি হ্যাঁ বা না কিছু বলেননি, তবে তিনি জানিয়েছেন যে বিষয়টি এখনও আলোচনায় আসেনি। তাঁর বক্তব্য, “হুমায়ুন কবিররা তো কথা বলেননি। মাধ্যম দিয়ে তারা কথা বলেছে। এখনো সেটা আসেনি আমাদের আলোচ্য সূচিতে।”
বর্ষীয়ান বাম নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরলেন শাসকদলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি বলেন, “হুমায়ুন কবির যে প্রকাশ্যে বিজেপি সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চাওয়ার কথা বলেছেন, এটা নিশ্চয়ই ভুলে যাননি বিমান বসু। যিনি বিজেপির সঙ্গে সরাসরি যোগের কথা স্বীকার করেছেন, তাঁর সঙ্গে বিমান বসুরা কিভাবে যোগাযোগ রাখছেন? তাহলে কি ওনারা যেকোনও মতে ১-২টো আসন পাওয়ার লক্ষ্যে সেই পথেই এগোচ্ছেন? বঙ্গ রাজনীতিতে এটি আরও বাজে ট্রেন্ড?”



By










