বঙ্গ বিজেপির সংকল্পপত্র প্রকাশ অমিত শাহের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার বাংলায় এসে সংকল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে তুলে ধরা হয়েছে ‘বিকশিত বাংলার’ প্রতিশ্রুতি। তিনি জানান, এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে প্রায় ১০ হাজার মানুষের পরামর্শের ভিত্তিতেই এবং এটি রিফ্লেকশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারতের’ স্বপ্নের। শুধু তাই নয়, ঘোষণাপত্র সুবিধা দেবে মহিলা, কৃষক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষদের।

ঘাসফুল শিবিরকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাজ্যবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছেন। বাংলার মানুষের যেন কালরাত্রির মতো কেটেছে গত ১৫ বছর। সংকল্পপত্র নতুন আশা, নতুন ভরসার। এখন মনেপ্রাণে পরিবর্তন চান বাংলার মানুষ।” সংকল্পপত্র প্রকাশ করে তিনি বলেন, “আমাদের সরকার প্রত্যেক মাসে সব মহিলার অ্যাকাউন্টে ১ থেকে ৫ তারিখের মধ্যে ৩০০০ টাকা ট্রান্সফার করবে। মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে বেকার যুবকদের। ডিএ নিশ্চিত করা হবে সরকারি ও পেনশনভোগীদের। রাজ্যবাসী আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা পাবেন। ব্যবস্থা করা হবে মহিলাদের স্বাস্থ্যসুরক্ষা, ক্যানসার রোধের।”

ফের অনুপ্রবেশ ইস্যু নিয়ে নিজের বক্তব্য জানান অমিত শাহ। তিনি বলেন, “কলকাতাবাসী ভাবছেন বাংলা থাকার অযোগ্য হয়ে উঠবে যদি এমনভাবে অনুপ্রবেশ চলে। আমি কথা দিচ্ছি যে অনুপ্রবেশকারী মুক্ত বাংলা হবে যদি বিজেপি ক্ষমতায় আসে।”

Scroll to Top