দেবজিৎ মুখার্জি, কলকাতা: শাসকদল তৃণমূল কংগ্রেসের পর তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। রাজ্য ও জাতীয় রাজনীতির তাবড় তাবড় নেতাদের পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক জনপ্রিয় মুখ।
রবিবার তালিকাটি প্রকাশ করা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে। তালিকার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশাপাশি প্রথম সারিতে রাখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মতো শীর্ষ নেতাদের। এছাড়া নাম রয়েছে ধর্মেন্দ্র প্রধান, নিতিন গডকড়ী, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি ও অনুরাগ ঠাকুরের মতো কেন্দ্রীয় মন্ত্রীর।
বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামও তালিকায় রয়েছে যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। কিন্তু বিশেষ চমক হিসেবে রয়েছে ক্রীড়া ও বিনোদন জগতের জনপ্রিয় ব্যক্তিদের নাম। তালিকায় রয়েছে টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী এবং মনোজ তিওয়ারির নাম। বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে তালিকায় জায়গা পেয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের মতো নেতারা। অর্থাৎ, বলা যায়, ভোটকে সামনে রেখে বেশ প্রস্তুতি নিয়েই ময়দানে নামছে বিজেপি।



By










