দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভার পর সভা করে চলেছেন। শনিবার অভিষেকের তরফ থেকে নির্বাচনী সভা করা হবে বীরভূমে। এরপর তিনি করবেন মুর্শিদাবাদে।
সূত্র মারফত জানা গিয়েছে যে এদিন দুপুর ১টা নাগাদ লাভপুরের ফুল্লরাতলা মেলার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংয়ের সমর্থনে। সেখানে উপস্থিত থাকবেন নানুর, লাভপুর, সাঁইথিয়া এবং ময়ূরেশ্বরের ঘাসফুল শিবিরের প্রার্থীরাও। সবার আগে তৃণমূল প্রার্থী অভিজিতের তরফ থেকে জানানো হয়েছে, “৫০ হাজারেরও বেশি মানুষ আসবেন শুধু লাভপুর বিধানসভা এলাকা থেকেই।”
এরপর ঘাসফুল শিবিরের সেনাপতি দুটি নির্বাচনী সভা করবেন মুর্শিদাবাদে। শনিবার দুপুরে দলীয় প্রার্থীর হয়ে তাঁর নির্বাচনী সভা করার কথা ভগবানগোলা বিধানসভায় পাকা দরগার মাঠে। রবিবার তাঁর নির্বাচনী সভা রয়েছে নওদা বিধানসভা এলাকায় আমতলা হাইস্কুল মাঠে।



By










