দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারা, কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি প্রকল্পের টাকা আটকে রাখার বিষয়টি তুলে ধরে তিনি গেরুয়া শিবিরকে একহাত নেন। এছাড়াও লক্ষীর ভান্ডার নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি পাঁচটি প্রতিজ্ঞার কথা তুলে ধরেন।
লক্ষীর ভান্ডার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ৩৫ হাজার কোটি টাকা খরচ করে লক্ষীর ভান্ডার পৌঁছে দিচ্ছেন বর্তমানে ২ কোটি ৫০ লক্ষ মানুষের কাছে।” বিরোধীদের কটাক্ষ করে ঘাসফুল শিবিরের সেনাপতি বলেন, “শুধু প্রতিশ্রুতির কথা বলে অন্য দল। কিন্তু আমরা বলি প্রতিজ্ঞার কথা। আমাদের প্রতিজ্ঞা – যতদিন বাঁচবেন, লক্ষীর ভান্ডার আজীবন পাবেন। এই প্রকল্প কেউ বন্ধ করতে পারবে না।”
জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটি নির্দিষ্ট প্রতিজ্ঞার কথা তুলে ধরেন – ছাদহীনদের বাড়ি তৈরি করে দেওয়া, দুয়ারে চিকিৎসার ব্যবস্থা করা হবে গ্রামীণ হাসপাতালে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে, পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া, বার্ধক্য ভাতার ব্যবস্থা সুনিশ্চিত করা বয়স্কদের জন্য এবং ৩০০০০ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ করা আগামী বছর কৃষক বন্ধুদের জন্য। তাঁর সাফ কথা, উন্নয়নের দ্বারাই বিরোধীদের যোগ্য জবাব দেবে ঘাসফুল শিবির আগামী নির্বাচনে।



By










