দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আমি খুন হতে বসেছিলাম এই দলের জন্য” বিস্ফোরক ডায়মন্ড হারবারে তরুন নেতা প্রতীক উর রহমান। কী বক্তব্য তাঁর? ‘আনন্দবাজার ডটকম’কে সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে দেন যে দলের প্রতি তাঁর কোনও রাগ নেই, বরং কিছু ব্যক্তির উপর রাগ রয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে প্রতিদিন দলের বহু কর্মী নিপীড়িত হচ্ছে পার্টিতেই।
বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার চরিত্র প্রতীক উর রহমান। গত সোমবার তিনি সিপিএমকে রাজ্য ও জেলা কমিটি থেকে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা চিঠি মারফত জানিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই বঙ্গ রাজনীতিতে পড়ে যায় হইচই। তার উপর বিষয়টি অন্য পর্যায়ে পৌঁছে যায় যখন শোনা যায় যে তিনি নাকি ঘাসফুল শিবিরের পতাকা ধরবেন। যদিও তিনি সরাসরি জানাননি যে আদৌ শাসক শিবিরে যোগ দেবেন কিনা। তবে এটা পরিষ্কার করে দিয়েছেন যে অনেক দলই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।
এমন পরিস্থিতিতে প্রতীক উরের মান ভাঙ্গানোর জন্য বিমান বসুর তরফ থেকে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। এই প্রসঙ্গে প্রতীক জানিয়েছেন যে একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে এবং তাতে বিমান বসু তাঁকে আলিমুদ্দিনে বৈঠকে বসার প্রস্তাব দেন। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি নাকি বর্ষিয়ান বাম নেতাকে জানিয়েছেন, “আমি অমান্য করতে পারি না আপনার আদেশ। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আপনার মুখোমুখি আমি হতে পারব না।”
অর্থাৎ প্রতীক পরিষ্কার করে দেন যে বিমান বসুর প্রতি শ্রদ্ধা থাকলেও দলের কাজকর্মের প্রতি তিনি অত্যন্ত অসন্তুষ্ট। তাঁর অভিযোগ, দলকে বেশ কিছু বিষয়ে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি। বারংবার একই জিনিস ঘটতে থাকার কারণে তিনি এই পথে হেটেছেন। বর্তমানে তিনি সরে আসেননি নিজের অবস্থান থেকে এবং সেই কারণে বিমান বসু হস্তক্ষেপ করা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।
‘আনন্দবাজার ডটকম’কে সাক্ষাৎকারে প্রতিক উর রহমান জানান কীভাবে তাঁর মতো অনেককে চুপ করিয়ে রাখছে দল। তিনি বলেন, “আমি খুন হতে বসেছিলাম এই দলের জন্য। বহু কমরেড দলের জন্য খুন হয়েওছেন। দলের উপর আমার রাগ নেই। আমার রাগ দলকে চালানো কিছু ব্যক্তির উপর, যাঁরা দিনের পর দিন চুপ করিয়ে রাখতে চান অজস্র প্রতীক উরকে এবং আধিপত্য দেখাতে চান। হয়তো আমার কথা লোকের মাঝে এসেছে। কিন্তু এমন বহু কর্মী আছে দলের, যাঁরা এই ধরনের লোকেদের হাতে নিপীড়িত হচ্ছেন পার্টিতেই। তাঁদেরও রাগ পার্টির উপর নয়, ব্যক্তির উপর।”
তাঁর আরো অভিযোগ, “দলে এমন কিছু ব্যক্তি আছেন, যাঁরা চরিতার্থ করছেন নিজেদের স্বার্থ। কমিউনিস্ট পার্টি তো! বিনয় কোঙ্গার, জ্যোতি বসুদের দেখে শিখেছি। সেলিব্রিটি কালচার চলতে পারে না এই দলে।” এরপরই তরুণ নেতার অনুরোধ, “এখনো দলে আছেন বহু প্রতীক উর। দয়া করে রক্ষা করুন তাঁদের। একটা প্রতীক উর ছেড়ে চলে যেতে পারেন। দেখুন বাকিদের দিকে।”



By











