• Home
  • জেলার খবর
  • “দয়া করে আত্মহত্যা করবেন না” এসআইআরকে ভয় পেতে বারণ মমতার

“দয়া করে আত্মহত্যা করবেন না” এসআইআরকে ভয় পেতে বারণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: সিঙ্গুরের সভা থেকে রাজ্যে চলতি এসআইআর-এর চাপে একের পর এক মৃত্যু নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? সকলকে আশ্বস্ত করে তিনি অনুরোধ করেন যে কেউ যেন আত্মহত্যা না করেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এই আশ্বাসও দেন যে বাংলায় হবে না এনআরসি। 

রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে একের পর এক সাধারন মানুষের মৃত্যু ঘটে এর চাপে, যা জানাজানি হতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির এবং দাবি করেছে যে এগুলি ঘাসফুল শিবিরের চক্রান্ত। প্রতিনিয়তই এই নিয়ে চলছে রাজনৈতিক তরজা। লাগাতার একে অপরকে আক্রমণ করে চলেছে ঘাসফুল ও পদ্ম শিবির। 

বুধবার সিঙ্গুরের সভা থেকে ফের এই ব্যাপারে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে তিনি বললেন, “কেন ভয় পাচ্ছেন আপনারা? আত্মহত্যা করবেন না আপনারা দয়া করে কেউ। দেখে পাঠাচ্ছে, পাঠাতে দিন।” এরপরই বাংলায় এনআরসি চালু হবে না বলে তিনি দাবি করেন। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “এনআরসি হবে না বাংলায়। বাদ যাবে না কারোর নাম। এটা বাংলা।”

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে প্রথম থেকেই দাবি করে যাচ্ছেন যে এর মাধ্যমে ঘুরিয়ে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে। অন্যদিকে, ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অফিসের বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়লে দিল্লিতে আন্দোলন হবে। বর্তমানে এসআইআর ঘিরে মামলা চলছে শীর্ষ আদালতে। কলকাতা হাই কোর্টেও একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top