দেবজিৎ মুখার্জি: “অযৌক্তিকতার নাট্যশালা হয়ে গিয়েছে দেশের গণতন্ত্র” তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এনসিপিআইতে মেশাকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ, তথা বর্ষিয়ান আইনজীবী, কপিল সিব্বল। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বিদ্রোহীরা একীভূত হতে পারেন না কোনও রাজনৈতিক দলের সাথে এবং সেটা তখনই সম্ভব, যদি নিজে থেকে তৃণমূল চায়। এখানেই শেষ নয়, বিদ্রোহী শিবিরকে অযোগ্য ঘোষণার দাবি তোলেন তিনি।
আইনি প্যাঁচ এড়াতে ত্রিপুরার, বছর চারেক আগে গঠিত দল, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় (এনসিপিআই) মিশছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে সাংসদদের তরফ থেকে। তাঁদের বক্তব্য, বাংলায় এনসিপিআইয়ের পার্টি অফিস খোলা হবে। কাকলি ঘোষ দস্তিদার নিজের অবস্থানে জানিয়েছেন, “দেশের জন্যে এনডিএর সাথে কাজ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে।”
ঘটনা জানাজানি হতেই যেমন চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য সহ জাতীয় রাজনীতিতে, তেমনি শুরু হয়েছে সমালোচনাও। বিদ্রোহী সাংসদদের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ, তথা বর্ষিয়ান আইনজীবী, কপিল সিব্বল। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান জানান। তাঁর বক্তব্য, “অযৌক্তিকতার নাট্যশালায় পরিণত হয়েছে ভারতীয় গণতন্ত্র। তামাশা চলছে একটা।” এরপর বিদ্রোহী শিবিরকে একহাত নিয়ে বর্ষিয়ান আইনজীবী বলেন, “যদি নিজে থেকে তৃণমূল না চায়, তাহলে তাদের সংসদীয় দলের বিদ্রোহীরা একীভূত হতে পারেন না কোনও রাজনৈতিক দলের সাথে।” এর সাথে তিনি তাঁদের অযোগ্য ঘোষণা করার দাবি তোলেন।” এবার দেখার বিষয় যে এই অধ্যায়ে কী দেখা যায় আগামীদিনে।



By










