• Home
  • জেলার খবর
  • রাষ্ট্রপতি দাঁড়িয়ে, বসে প্রধানমন্ত্রী, ধরনা মঞ্চ থেকে ছবি দেখিয়ে বিজেপিকে পাল্টা মমতার

রাষ্ট্রপতি দাঁড়িয়ে, বসে প্রধানমন্ত্রী, ধরনা মঞ্চ থেকে ছবি দেখিয়ে বিজেপিকে পাল্টা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফর ঘিরে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রোটোকল ভাঙ্গার অভিযোগ তোলা হয়েছে, এবার সেই বিষয়ে একটি ছবি সকলের সামনে তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ছবি দেখালেন তিনি? ধরনা মঞ্চ থেকে তিনি যেই ছবিটি দেখান, তাতে দেখানো হয়েছে যে অভিজ্ঞ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং চেয়ারে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! তা নিয়েই বিজেপিকে পাল্টা দিলেন তিনি। 

শনিবার শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসেন আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে। সেখানে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই অভিযোগ তোলেন যে রাজ্যে আদিবাসীদের উন্নয়ন হয়নি। রাজ্যে রাষ্ট্রপতি এসেছেন অথচ মুখ্যমন্ত্রী বা দলের অন্য কোন মন্ত্রী তাঁকে স্বাগত জানাতে আসেননি। এমনটা জানিয়ে রাষ্ট্রপতি প্রোটোকল ভাঙ্গার অভিযোগ তুলেছিলেন। তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো। আমিও বাংলার মেয়ে এবং ভালবাসি বাংলার মানুষকে। বোধহয় মমতা রাগ করেছেন এবং সেই কারণে তিনি বা অন্য কোন মন্ত্রী আসেননি আমাকে স্বাগত জানাতে। যাই হোক সেটা কোন বড় ব্যাপার নয়।”

বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি এর তীব্র নিন্দা করেন। যদিও পাল্টা দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তবে তৃণমূল কংগ্রেস একা নয়, এই ব্যাপারে বিজেপিকে একহাত নিয়েছে কংগ্রেস ও ডিএমকের মতো গেরুয়া শিবির বিরোধী দলগুলিও। ১২ ঘণ্টার মধ্যে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে এই বিষয়ে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করা হয়েছে।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার ধরনা মঞ্চ থেকে একটি ছবি দেখিয়ে গেরুয়া শিবিরকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিতে দেখা যাচ্ছে লালকৃষ্ণ আডবাণী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসে রয়েছেন, কিন্তু দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেখুন ছবিটা। কে কাকে অপমান করছে? সম্মানীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে এবং বসে রয়েছেন প্রধানমন্ত্রী।” তিনি বলেন, “এখানে রাজনৈতিকভাবে জিততে পারেন না বলে আপনারা বাংলার মানুষকে অপমান করেন।” তাঁর সাফ কথা, ছবিটি প্রমাণ হিসেবে দেখানোর ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top