দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার রেড রোডের সুভাষ স্মরণের মঞ্চ থেকে ফের, নাম না করে, মোদি সরকারের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টার পাশাপাশি দেশের নাগরিকদের ভুল বোঝানোর অভিযোগ তুললেন তিনি। এখানেই শেষ নয়, তিনি মনীষীদের অপমান করার অভিযোগ পর্যন্ত তুলেছেন।
শুক্রবার, ২৩শে জানুয়ারি, রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁকে সম্মান জানানোর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠানের আয়োজন করা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যেদিন বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলের উদ্দেশ্যে একাধিক বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো, যার মধ্যে অন্যতম বাংলার বিরুদ্ধে কেন্দ্রের চক্রান্তের অভিযোগ। যদিও নিজের বক্তৃতায় তিনি নাম নেননি মোদি সরকারের। তবে তাঁর কথায় স্পষ্ট যে তিনি বিজেপির বিরুদ্ধে কথাগুলি বলেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “একটা চেষ্টা চলছে আমাদের দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার। অপমান করার চেষ্টা হচ্ছে মনীষীদের। অসহিষ্ণু, অকৃতজ্ঞতা করা হচ্ছে মহাত্মা গান্ধী, লাল বাল পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের প্রতি। ভাষাকে অসম্মান করা হচ্ছে। ধাক্কা দেওয়া হচ্ছে বাংলার অস্মিতাকে।” এরপরই দিল্লিতে চক্রান্তনগরী তকমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “চক্রান্ত করে যাচ্ছে বাংলার বিরুদ্ধে।”
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতারা, সকলেই একাধিকবার নানা সভায় দাবি করেছেন যে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে গেরুয়া শিবির। যদিও বিজেপি সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।



By









