• Home
  • জেলার খবর
  • সাধারণতন্ত্র দিবসে ভারতমাতার পুজোর মন্ডপ পোড়ানোর অভিযোগ, বিক্ষোভ বিজেপির

সাধারণতন্ত্র দিবসে ভারতমাতার পুজোর মন্ডপ পোড়ানোর অভিযোগ, বিক্ষোভ বিজেপির

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: সাধারণতন্ত্র দিবসের দিন গেরুয়া শিবিরের তরফ থেকে খড়দহে পাতুলিয়া পঞ্চায়েতের বটতলা এলাকায় ভারতমাতার পুজোর আয়োজন করা হয়েছিল। তবে সকালে দেখা যায় যে তৈরি মন্ডপের কিছু অংশ পুড়ে গিয়েছে। তা ঘিরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ষড়যন্ত্রে অভিযোগ তুলে বিজেপি কর্মী-সমর্থকদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। হাতে পতাকা নিয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তাঁরা।

খবর পাওয়ামাত্রই সেখানে পৌছান ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তাঁর বক্তব্য, “কোনও রাজনৈতিক কর্মসূচি নয় এটা। আমাদের আরাধ্যা দেবী ভারতমাতা। সব জায়গায় আমরা তাঁর পুজো করছি। সেখানে যদি কেউ আঘাত করতে চায়, তাহলে চুপ করে বসে থাকব না আমরা। ফের পথে নেমে প্রতিবাদ জানাবো আমরা যদি পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা না নেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।

তবে কৌস্তুভ বাগচীর মন্তব্যের পাল্টা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সমস্ত অভিযোগ অস্বীকার করে শাসক শিবির। স্থানীয় পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান, তথা তৃণমূল নেতা, কিশোর বৈশ্যের বক্তব্য, “ওদের পরিকল্পনাতেই ঘটনাটি ঘটেছে। প্রচারের আলোতে আসার জন্য উস্কানি দিচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক। সবটা পরিষ্কার হয়ে যাবে।” অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে রহড়া থানার পুলিশ জানিয়েছে যে তারা তদন্ত শুরু করেছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তদন্ত করে কি বেরিয়ে আসে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেটাই এখন দেখার।

Scroll to Top