• Home
  • জেলার খবর
  • বাংলায় এসআইআর: শুনানিতে ডাক পেলেন সেরা বিএলওর পুরস্কার পাওয়া সাজ্জাদ

বাংলায় এসআইআর: শুনানিতে ডাক পেলেন সেরা বিএলওর পুরস্কার পাওয়া সাজ্জাদ

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ দিনাজপুর: রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই তরজা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। একে অপরকে ধারাবাহিকভাবে কটাক্ষ ও পাল্টা কটাক্ষ করে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তার উপর সাধারণ মানুষ থেকে শুরু করে স্বনামধন্য ব্যক্তিদের শুনানিতে ডাক পাওয়া পরিস্থিতি আরো খারাপ করে তোলে। বলা ভালো, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে। 

এই স্পর্শকাতর পরিস্থিতিতে ডাক পেলেন এমন একজন ব্যক্তি, যাঁকে হয়তো অনেকে কল্পনা করতে পারেননি যে ডাকা হবে। কে সেই ব্যক্তি? তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ২০৮ নম্বর পার্টের বিএলও সাজ্জাদ হোসেন। নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু বছর আগে তাঁকে পুরস্কৃত করা হয়েছিল সেরা বিএলও হিসেবে। পেশায় তিনি বংশীহারী ব্লকের সমসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নির্ধারিত সময়ের আগে শেষ করে দিয়েছিলেন কাজ। যদিও ২০১২ সাল থেকেই তিনি এই কাজ করছেন। 

সাজ্জাদ হোসেনকে ডাকা হয়েছে শুনানিতে জানতে পেরে অনেকেই চমকে গিয়েছেন। জানা গিয়েছে, শনিবার তিনি নোটিস পেয়েছেন এবং চলতি মাসের ২৮ তারিখে তাঁর ডাক পড়েছে। যদিও কি কারণে নোটিস দেওয়া হয়েছে, সেই বিষয়ে সাজ্জাদ হোসেন জানিয়েছেন, তাঁরা ৬ ভাই-বোন এবং সমস্ত তথ্যও দেওয়া হয়েছে এবং নাম ঠিক ছিল ২০০২ সালের তালিকায়। কিন্তু তাঁর বাবার নাম ভুল এসেছে কমিশনের অ্যাপে। তবে গোটা বিষয়টিকে ঘিরে ব্যাপক হইচই পড়েছে এলাকায়। এবার দেখার বিষয় যে ২৮ তারিখ কি হয়। তবে বিষয়টি যে চিন্তাজনক, তা না বললেও চলে।

Scroll to Top