• Home
  • জেলার খবর
  • জাতীয় ভোটার দিবসেও এসআইআরের প্রসঙ্গ তুলে বিজেপি-কমিশনকে খোঁচা মমতার

জাতীয় ভোটার দিবসেও এসআইআরের প্রসঙ্গ তুলে বিজেপি-কমিশনকে খোঁচা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জাতীয় ভোটার দিবসেও ফের এসআইআরের প্রসঙ্গ তুলে বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ তৃণমূল কংগ্রেসের। দলের সুপ্রিমো, তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দোপাধ্যায় নিজের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়ে দু’পক্ষকে কটাক্ষ করলেন। তাঁর দাবি, কমিশন জাতীয় ভোটার দিবস পালন করলেও তা প্রহসনে পরিণত করেছে। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে কমিশনের ঔদ্ধত্য থেকে তিনি অবাক হয়ে যাচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ভারতের নির্বাচন কমিশন আজ জাতীয় ভোটার দিবস পালন করছেন এবং সেটাকে একটি করুণ প্রহসনের মতো দেখাচ্ছে। হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত, এবং তাদের ঔদ্ধত্য হচ্ছে জাতীয় ভোটার দিবস পালন করার…. আমি এতে স্তম্ভিত, বিস্মিত, বিচলিত।”

তাঁর আরও বক্তব্য, “মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার পরিবর্তে এবং বিধি-নিয়ম অনুসারে মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নির্বাচন কমিশন এখন লজিক্যাল ডিসক্রিপ্যান্সির নামে নতুন-নতুন অজুহাত তৈরি করে চলেছে। মানুষকে অত্যাচার করা হচ্ছে, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হচ্ছে! তাদের প্রভু বিজেপি-র হয়ে তারা বিরোধীদের ধ্বংস করতে চায় এবং ভারতীয় গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চায়। এদেরই আবার সাহস হচ্ছে ভোটার দিবস উদযাপন করার!”

অবশেষে কমিশনকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “নির্বাচন কমিশনকে বলি: আপনারা মানুষকে অভূতপূর্ব অত্যাচারের মুখোমুখি দাঁড় করিয়েছেন, আপনাদের অত্যাচারের ফলেই এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। আপনারা যেভাবে ৮৫, ৯০, ৯৫ বছরের মানুষকে ডেকে পাঠাচ্ছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকেও আপনাদের সামনে হাজির হতে বাধ্য করছেন তা করার অধিকার কি আপনাদের আছে? এই বেআইনি চাপ ও নিগ্রহের ফলেই আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আপনারা এটা করছেন আপনাদের রাজনৈতিক প্রভুর নির্দেশে ও স্বার্থে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top