দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে গুরুত্বপুর্ন পদক্ষেপ কলকাতা পুলিশের তরফ থেকে। কী সেই পদক্ষেপ? প্রকাশ করা হলো নোডাল অফিসারদের তালিকা। আইনশৃঙ্খলা থেকে শুরু করে নজরদারি, গোটা ভোটের কাজ যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে।
বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই রাজ্য রণক্ষেত্রের চেহারা নিচ্ছে ধীরে ধীরে ভোটকে কেন্দ্র করে। বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মসনদকে পাখিরচোখ করে জোরকদমে সভা করে যাচ্ছে দুই শিবির এবং বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা। বাম বা কংগ্রেস পিছিয়ে নেই প্রচার থেকে। তারাও নিজেদের মতো করে রাজ্যে প্রচার চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস হোক কি বিজেপি বা বামেরা, জয় নিয়ে সকলেই আশাবাদী।
এই আবহে নোডাল অফিসারদের তালিকা প্রকাশ করা হলো কলকাতা পুলিশের তরফ থেকে। তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই অনুযায়ী, নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে ৪ জন পুলিশ আধিকারিককে কলকাতা পুলিশ কমিশনারের অনুমোদনেই। সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে আলাদা আলাদা এলাকার যাতে শক্তহাতে মানা হয় নির্বাচনী বিধি এবং নিরাপত্তা সংক্রান্ত কোনও খামতি না থাকে।
তালিকা অনুসারে, কলকাতা উত্তরের নোডাল অফিসার করা হয়েছে জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাসকে, জয়েন্ট কমিশনার অজয় প্রসাদ পেয়েছেন কলকাতা দক্ষিণের দায়িত্ব, দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব পেয়েছেন জয়েন্ট কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য। এছাড়া কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার উপর নজরদারির দায়িত্ব পেয়েছেন ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্ডেশকে। এর আগে ৮ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছিল ভবানী ভবন থেকেও, যাঁদের মধ্যে ৭ জন ডিআইজি ও একজন আইজি পদমর্যাদার আধিকারিক এবং তাঁদের সমাজমাধ্যম মনিটরিং, ভিআইপি নিরাপত্তা ও বাহিনীর প্রশিক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এপ্রিল মাসে ২৩ ও ২৯ তারিখে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। গণনা হবে মে মাসের ৪ তারিখে। তার আগে একাধিক ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, যেমন সাপ্লিমেন্টারি লিস্ট, কমিশনের তরফ থেকে একের পর এক বদলি। নিয়মিত গেরুয়া শিবিরকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। তবে বিজেপিও পাল্টা দিয়ে চলেছে তাদের। এবার দেখার বিষয় যে এবারের নির্বাচনে কেমন ফলাফল করে দুজনে।



By










