• Home
  • জেলার খবর
  • কবিগুরুর নাকের ডগায় পরিবর্তন যাত্রার স্টিকার, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

কবিগুরুর নাকের ডগায় পরিবর্তন যাত্রার স্টিকার, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, হাওড়া: ফের বিজেপির বিরুদ্ধে মনীষীদের অপমানের অভিযোগ। এবারের ঘটনাস্থল হাওড়ার সাঁকরাইল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাকের ডগায় লাগানো রয়েছে গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার স্টিকার। এই বিষয়টি জনসম্মুখে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। এমন কার্যকলাপের চরম নিন্দা করেছে ঘাসফুল শিবির। তবে তাদেরই দিকে পাল্টা অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির তরফ থেকে। 

জানা গিয়েছে, সাঁকরাইলের দক্ষিণ দুইলা হাইস্কুলের দেওয়ালে রয়েছে ছাত্রদের আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক মনীষীর ছবি। সেখানেই দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কার্যত নাকের ডগায় লাগানো রয়েছে পরিবর্তন যাত্রার স্টিকার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শুরু হয় নিন্দার বন্যা। প্রধান শিক্ষকের অনুমান রাতে এমন কাজ করা হতে পারে। স্কুলের ভিতরে সিসিটিভি থাকলেও বাইরে নেই। সুতরাং কারা এর সঙ্গে যুক্ত, তা জানা যায়নি। যদিও মঙ্গলবার স্কুল আওয়ার্সে দেখা গিয়েছে যে স্টিকারটি আর নেই। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে বিতর্ক তৈরি হতেই কি সকলের অলক্ষে স্টিকার তুলে দেওয়া হয়েছে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের হাওড়া জেলা সদর সভাপতি গৌতম চৌধুরী বলেন, “বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বোঝে না বিজেপি। এরা আবার দখল করতে আসছে বাংলা। রাজ্যবাসী এবারের ভোটে এদের এই অপসংস্কৃতির জবাব দেবে।” পাল্টা বিজেপির জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, “এই কাজ তৃণমূলের বাচাল কর্মীদের। নিজেরা করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমরা বাঙালি মনীষীদের অপমান করি না। বরং সম্মানই করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top