• Home
  • জেলার খবর
  • “পঞ্চাশের নিচে নামাবো বিজেপিকে” মথুরাপুরে জনসভা থেকে হুংকার অভিষেকের

“পঞ্চাশের নিচে নামাবো বিজেপিকে” মথুরাপুরে জনসভা থেকে হুংকার অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: “পঞ্চাশের নিচে নামাবো বিজেপিকে” মথুরাপুরে জনসভা থেকে হুংকার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, জনতা গেরুয়া শিবিরকে প্রত্যাখ্যান করেছেন এবং এবার তাদের আসন আরো কমবে। পাশাপাশি, বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রাকেও কটাক্ষ করেন ঘাসফুল শিবিরের সেনাপতি এবং তাঁর সভার ভিড় দেখান।

গত ২ মার্চ রায়দিঘির যেই মাঠ থেকে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মাঠ থেকেই সভা করেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মার্চ অমিত শাহ এখান থেকে পরিবর্তন যাত্রা শুরু করেছিলেন এবং ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি স্লোগান তুলেছিলেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।

রবিবার সেই মাঠ থেকে জনসভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে অলআউট আক্রমণ করেন। তিনি বলেন, “বিজেপিকে পঞ্চাশের নিচে নামাবো। আগেরবার ২০০ পার বলে ৭৭টা আসন পেয়েছিল। আরও কমবে এবার। আপনাদের প্রত্যাখ্যান করেছে জনতা। আপনারা রাজনৈতিকভাবে বারবার হেরে যান। তাই অন্যভাবে অপদস্ত করেন বাংলাকে। এবার তা করতে চাইছেন এফআইআরের দ্বারা। কিন্তু যতদিন আপনারা এই অত্যাচার চালাবেন, ততদিন রাস্তায় থাকবে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য। এখন যেমনি ধরনা কর্মসূচি ধর্মতলায় চালাচ্ছেন আমাদের নেত্রী।”

বিজেপির পরিবর্তন যাত্রা যে বেশিরভাগ ব্যর্থ, তা বলাই বাহুল্য। দিল্লি থেকে হেভিওয়েটরা এলেও সভায় ফাঁকা দেখা যাচ্ছে মাঠ, যা দেখে কখনো রেগে উঠছেন বঙ্গ বিজেপির নেতারা। সেই বিষয়টি তুলেও তাদের খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কত লোক ছিল আপনাদের সভায়? ছবি দেখুন এখানকার। আমি ক্যামেরাম্যানদের বলবো একবার ভিড়টা দেখান। তাহলে মানুষের সমর্থন কোনদিকে, সেটা ওরা বুঝতে পারবে। জেনে রাখুন নারীশক্তি আমাদের সমর্থন করে। আর সেটা থাকলে কেউ হারাতে পারবে না।” পাশাপাশি, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিড় প্রসঙ্গে এই হুঁশিয়ারিও দেন যে এখন তিনি ট্রেলার দেখিয়েছেন এবং মে মাসে সিনেমা দেখাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top